পবিপ্রবির ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, নিরাপত্তা ইনচার্জের জিডি

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক রংমিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ইনচার্জ মো. মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির উত্তর পাশে নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের পূর্ব পাশ থেকে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত রংমিস্ত্রি মো. মামুন (২৫) নির্মাণাধীন হল থেকে পাশের কবি বেগম সুফিয়া কামাল হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর উদ্দেশে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মোবাইলে ধারণ করা ভিডিওর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুন বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন চাঁদ সুলতানা ছাত্রী হলের রংয়ের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে মো. সোহান মল্লিক (২৭) ও মো. শাহিন আলম (২৬) নামে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে। জিডিতে তাদের নামও উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত মামুনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *