সিটি রিপোর্টার৷:
রংপুর নগরীর ভগিবালা পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার নিখোঁজ হন অটোচালক আরিফুল। পরে নগরীর ভগিবালা পাড়া এলাকায় সেনা সদস্য শাহীন নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে আরিফুলকে হত্যা করা হয়েছে। দেশীয় শিলপাটা দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত আরিফুল ভগিবালা পাড়া এলাকার লিটন মিয়ার ছেলে।এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।