নিজস্ব প্রতিবেদক :
রংপুর জেলায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ নিয়ে আবারও বঞ্চিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বঞ্চিত সাংবাদিকদের অভিযোগ, অনুদানের তালিকায় বারবার একই মুখ ঘুরে ফিরে আসছে। যারা একসময় ক্ষমতার কাছাকাছি থেকে সব ধরনের সুবিধা নিয়েছে, আজও তারাই নানা কৌশলে সুবিধা ভোগ করছে। আর প্রকৃত অসচ্ছল, অসুস্থ, নির্যাতিত, মামলায় জর্জরিত ও বঞ্চিত সাংবাদিকরা বারবার বাদ পড়ছেন।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, শুধু রংপুর জেলাতেই ৯ এপ্রিল ২০২৩ সালে ২৯ জন, ২৭-২৮ জুন ২০২৬ সালে ২২ জন এবং ৯ নভেম্বর ২০২৬ সালে আবারও ২২ জন সাংবাদিক অনুদানের চেক পেয়েছেন। সব মিলিয়ে ৭৩ বার চেক বিতরণ হয়েছে। কিন্তু এই ৭৩ বার চেক আসলে কতজন আলাদা ব্যক্তির হাতে গেছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। কারণ ট্রাস্ট কখনোই নামসহ পূর্ণ তালিকা প্রকাশ করেনি।
বঞ্চিত সাংবাদিকদের প্রশ্ন, তালিকা প্রকাশ করতে এত ভয় কেন? তালিকা প্রকাশ করলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। তাদের দাবি, তালিকা প্রকাশ করলেই দেখা যাবে একই সিন্ডিকেট বারবার সুবিধা নিচ্ছে। একজন পেয়েছেন তিনবার, আরেকজন একবারও পাননি। এই বৈষম্য আর মেনে নেওয়া যায় না।
বঞ্চিতদের অভিযোগ আরও গুরুতর। তাদের ভাষায়, বিগত সময়ে যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পন্থী হিসেবে পরিচিত ছিলেন এবং সরকারি বিজ্ঞাপন, প্লট, অনুদানসহ নানা সুবিধা ভোগ করেছেন, সেই সুবিধাভোগী সাংবাদিকরাই আজও কল্যাণ ট্রাস্টের অনুদান, প্রণোদনা ও শিক্ষাবৃত্তির সুবিধা নিয়ে যাচ্ছেন। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু রংপুরে সুবিধাভোগীদের তালিকা বদলায়নি।
এক বঞ্চিত সাংবাদিক বলেন, “আমরা যখন নির্যাতিত হয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি, চাকরি হারিয়েছি, তখন আমাদের পাশে কেউ ছিল না। আর যারা ক্ষমতার কাছাকাছি থেকে সব সুবিধা নিয়েছে, আজ তারাই আবার অসহায় সেজে কল্যাণ ট্রাস্টের চেক নিচ্ছে। এটা সাংবাদিকদের সঙ্গে চরম প্রতারণা।”
আরেক বঞ্চিত সাংবাদিক বলেন, “কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছিল অসচ্ছল, অসুস্থ ও মৃত সাংবাদিকের পরিবারের জন্য। কিন্তু রংপুরে এটা পরিণত হয়েছে দলীয় ও সিন্ডিকেটের ভাগ-বাটোয়ারায়। যারা সত্যিকারের বঞ্চিত, তাদের খোঁজ কেউ নেয় না।”
বঞ্চিত সাংবাদিকরা জানান, অনেক অসুস্থ সাংবাদিক চিকিৎসার টাকার অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক মৃত সাংবাদিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। অথচ তাদের আবেদন বছরের পর বছর পড়ে থাকছে। অন্যদিকে প্রভাবশালী ও সুবিধাভোগীরা আবেদন ছাড়াই বারবার তালিকায় ঢুকে যাচ্ছেন।
এই পরিস্থিতিতে বঞ্চিত সাংবাদিকরা চার দফা দাবি জানিয়েছেন।
প্রথমত, ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রংপুর জেলায় কারা কারা, কতবার, কত টাকা অনুদান পেয়েছেন, তার নামসহ পূর্ণ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, একই ব্যক্তি বারবার অনুদান পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। একজনকে বারবার দিয়ে আরেকজনকে বঞ্চিত করা চলবে না। তৃতীয়ত, অনুদান বাছাই কমিটিতে বঞ্চিত ও নিরপেক্ষ সাংবাদিকদের প্রতিনিধি রাখতে হবে, যাতে গোপনে তালিকা না হয়। চতুর্থত, আওয়ামী ও জাতীয় পার্টি পন্থী সুবিধাভোগীদের দাপট বন্ধ করে প্রকৃত বঞ্চিতদের অগ্রাধিকার দিতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তালিকা প্রকাশ না করা হলে এবং বঞ্চিতদের বাদ দিয়ে বারবার একইদের সুবিধা দেওয়া অব্যাহত থাকলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলনে যাবেন। প্রয়োজনে ঢাকায় ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানাবেন।
বঞ্চিত সাংবাদিকদের প্রত্যাশা, এবার অন্তত স্বচ্ছতা আসবে। কল্যাণ ট্রাস্টের টাকা যেন আর সিন্ডিকেটের পকেটে না যায়, যেন প্রকৃত বঞ্চিত সাংবাদিকের ঘরে পৌঁছায়।