নিজস্ব প্রতিবেদক:
রংপুরের সাতমাথায় খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন, গাভী পালন এবং লাভজনক খামার গঠনে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) শহরের তৌহিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গবাদিপশু খামারিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে গৃহপর্যায়ে দুগ্ধ গাভী পালনে খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিকাশ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এরমান আলী।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, খামার ব্যবস্থাপনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল শেখানো হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়াতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বছরব্যাপী অব্যাহত থাকবে।