​বাকৃবিতে বি.এসসি.এজি. (অনার্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

প্রেস রিলিজঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের বি.এসসি.এজি. (অনার্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ২য় ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধনী ০৩ মে ২০২৬, রবিবার সকাল ১১.০০টায় উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক এবং ডিএই (DAE)-এর অতিরিক্ত পরিচালক(চলতি দায়িত্ব) কৃষিবিদ সালমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট সেল এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাসুম আহমদ। তিনি এই প্রোগ্রামের উপর সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মাধ্যমে অর্জিত জ্ঞানকে মাঠ পর্যায়ে সফলভাবে প্রয়োগের আহ্বান জানান। স্বাগত বক্তব্যের পর ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ জন তাদের অনুভুতি ব্যক্ত করেন। এছাড়াও সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে “তোমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাকৃবির প্রতিনিধি হিসেবে ইন্টার্নশীপ করতে যাচ্ছ। কাজেই বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা, ভাবমূর্তি, সুনাম এবং তোমরা চলে আসার পর ওই উপজেলার ওই এলাকার মানুষ যেন তোমাদের ভালো কাজ/আচরণের জন্য তোমাদের অনুপস্থিতি অনুভব করে এবং স্মরণে রাখে এবিষয়টা খেয়াল রাখতে হবে”। তিনি এদেশের সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকারি ব্যয় সবচেয়ে বেশি এই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর উপর তাগিদ প্রদান করেন এবং তাদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে এটা প্রমাণ করতে ও দেশে-বিদেশে সুনাম অর্জনের পরামর্শ প্রদান করেন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং খাদ্য সুরক্ষা থেকে শুরু করে জীবিকা সংস্থানে বাকৃবির কৃষি গ্র‍্যাজুয়েটদের অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েটদের গৌরবগাঁথা নিয়ে আরো লেখালেখির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
উল্লেখ, ৫ ক্রেডিটের ২ মাস মেয়াদি এই প্রোগ্রামে মোট ২০টি গ্রুপে ১৯ টি উপজেলায় ও কয়েকটি গবেষণা ইন্সটিটিউটে সর্বমোট ২৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এদের মাঝে ৫ জন বিদেশে তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *