রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ 

রংপুর (তারাগঞ্জ) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার জিগাতলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকুল মিয়া (৩৩) ও শাকিব হোসেন (২৬)। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহত মুকুল মিয়া নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার কালু মিয়ার ছেলে এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব হোসেন। সম্পর্কে তারা প্রতিবেশী চাচা-ভাতিজা।

নিহতদের স্বজনদের অভিযোগ, সঙ্গে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিরোধের সূত্রপাত। এর জেরেই পরিকল্পিতভাবে তাদের বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাসের হেলপার ও দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়।

নিহতদের বাবা কালু মিয়া ও লোকমান বসুনিয়াসহ স্বজনদের অভিযোগ, মুকুল ও শাকিবের কাছে থাকা মোটা অঙ্কের টাকা নেওয়ার উদ্দেশ্যেই বাসের লোকজনের সঙ্গে বিরোধের সূত্রপাত। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে বাসটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে এবং চালক জয়নাল ও হেলপার সফিককে আটক করে থানায় নিয়ে যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় বাস ও অভিযুক্ত চালক-হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *