রংপুর প্রতিনিধি:
“মানুষ আমাকে নির্বাচিত করেছেন তাদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার জন্য। আর মানুষের সেবা করার মধ্য দিয়েই আমি নিজের সুখ খুঁজে পাই।” — এভাবেই নিজের জনপ্রতিনিধিত্বের দর্শন তুলে ধরেছেন রংপুরের গংগাচড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের আনুর বাজারে নিজস্ব বৈঠকখানায় একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর বৈঠকখানায় সেবা নিতে আসা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। চেয়ারম্যানও তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “আমি মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করি। ইউনিয়নবাসীর কল্যাণে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত ও বিভিন্ন পর্যায়ের উদ্যোগের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের বিপদে-আপদে পাশে থাকাকে আমি দায়িত্ব মনে করি।”
কৃষি ও কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা মূলত কৃষিনির্ভর। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুর খামার গড়ে তোলার সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, পরিকল্পিতভাবে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন করা গেলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে কর্মসংস্থানে সহযোগিতা, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি এলাকায় আলোচিত। বিভিন্ন প্রয়োজনে মানুষ তাঁর কাছে আসেন এবং নিজেদের সমস্যার কথা জানান।
লক্ষ্মীটারী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, সুখে-দুঃখে চেয়ারম্যানকে কাছে পাওয়া তাঁদের জন্য স্বস্তির বিষয়। তাঁদের প্রত্যাশা, এভাবে মানুষের পাশে থাকার ধারাবাহিকতা বজায় থাকবে এবং ইউনিয়নের কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের কথায়, লক্ষ্মীটারীর মানুষের কাছে তাঁদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং সুখ-দুঃখের একজন আপনজন। তাঁদের ভাষায়, “লক্ষ্মীটারীর হাদী চেয়ারম্যানই তাঁদের লক্ষ্মী।”