বাকৃবিতে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের নতুন শিক্ষার্থীদের বরণ

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ‘এমএস ইন ওয়েটল্যান্ড এগ্রিকালচার’ প্রোগ্রামে নতুন ভর্তিকৃত ১২ জন শিক্ষার্থীকে নিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের শ্রেণিকক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।  

অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আজকের এই আয়োজনটি সম্ভব হয়েছে। আরেকটি সুখবর হলো, হাওর ও চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে আমরা একটি বড় গবেষণা প্রকল্প হাতে নিয়েছি, যা বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি চূড়ান্ত হলে তোমরা গবেষণা নৌযান বা রিসার্চ ভেসেলে করে সরাসরি হাওরে গিয়ে কাজ ও থিসিস করার সুযোগ পাবে। দেশের অর্থ ব্যয় করে তোমাদের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই তোমাদের আন্তরিকতা ও ভালো ফলাফলই আমাদের প্রচেষ্টাকে সার্থক করবে।’

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. রুহুল আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছ, সেখানে গবেষণায় বেশ স্বনামধন্য একজন যোগ্য পরিচালককে রিসার্চ গাইড হিসেবে পেয়েছ। তবে মাস্টার্স পর্যায়ে ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়টি আমাকে কিছুটা উদ্বিগ্ন করে। জীবনের এই গুরুত্বপূর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে তোমাদের গুরুত্বসহকারে পড়াশোনা করতে হবে। যেকোনো সমস্যা চিহ্নিত ও সমাধান করা, থিসিস লেখা এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরির মতো দক্ষতাগুলো ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চাকরিক্ষেত্রে তোমাদের জন্য অপরিহার্য হয়ে উঠবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *