বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ থেকে অর্জিত জ্ঞান তুলে ধরতে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সামনে এ প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
এতে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রাকিব হাসান, সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনসহ অন্যান্য অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা দেড় মাসে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সম্পন্ন করা ইন্টার্নশিপের অভিজ্ঞতা উপস্থাপন করেন। প্রতিটি শিক্ষার্থী পোস্টারের মাধ্যমে ইন্টার্নশিপ চলাকালে ব্যবহৃত প্রযুক্তি, গবেষণার ফলাফল এবং অর্জিত দক্ষতা তুলে ধরার চেষ্টা করেন।
পোস্টারগুলোতে জিনোম ও ট্রান্সক্রিপ্টোম বিশ্লেষণ, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (NGS), ভ্যারিয়েন্ট কলিং, মেশিন লার্নিংভিত্তিক জিন শনাক্তকরণ, কৃষিতে জিওস্পেশিয়াল এআই, ইউএভি (ড্রোন) নির্ভর প্রিসিশন এগ্রিকালচার, ডেঙ্গু পূর্বাভাস মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বায়োমেট্রিক ও ডকুমেন্ট ভেরিফিকেশন, মাছের জিনোম বিশ্লেষণসহ নানা আধুনিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজের স্থান পায়।
প্রেজেন্টেশনে অংশ নেওয়া বায়োইনফরমেটিক্সের শিক্ষার্থী এম রাফিউল বাহার রাফি বলেন,
“প্রথম ব্যাচ হিসেবে আমরা দেড় মাস দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেছি, যেখানে ডিএনএ, আরএনএ ও জিনোমিক ডেটা বিশ্লেষণসহ বায়োইনফরমেটিক্সভিত্তিক কাজ পরিচালিত হচ্ছে। ইন্টার্নশিপের মাধ্যমে বাংলাদেশের এ খাতের বর্তমান সক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতে কৃষি, জনস্বাস্থ্য, জীবনিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ এবং দেশীয় স্টার্টআপ ও প্রতিষ্ঠান গড়ে তুলে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। আজকের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ইন্টার্নশিপে অর্জিত অভিজ্ঞতা ও দেশের বায়োইনফরমেটিক্স শিল্পের বর্তমান চিত্র সবার সামনে তুলে ধরেছি।”
উল্লেখ্য, ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীরা ইনভেন্ট টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (বিএফআরআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), মাইক্রোম্যাক টেকনো ভ্যালি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।