বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা ২০২৬’-এর ফাইনালে ৫৬তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচ। অন্যদিকে রানার্সআপ হয়েছে ৫৬তম ব্যাচ।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ধুমকেতু ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে এবং অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক সালমান শাহরিয়ার নিবিরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই উপভোগ্য ছিল। বিশেষ করে ফাইনাল ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার বাইরে মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আমি আহ্বান জানাই।
অনুষ্ঠানে টুর্নামেন্টের আগের ছয়টি ম্যাচের ছয়জন সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহি। অন্যদিকে পুরো টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরার পুরস্কার অর্জন করেন আহাদ।