বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা ২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে ৫৩ ব্যাচ। রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ৫৬ ব্যাচকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ধূমকেতু মাঠে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়া অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী পর্বে টুর্নামেন্টের ছয়টি ম্যাচের সেরা ছয়জন খেলোয়াড়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আহনাফ মাহি এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন আব্দুল আহাদ।
বিজয়ী দলের খেলোয়াড় ও ফাইনালের সেরা খেলোয়াড় আহনাফ মাহি তার অনুভূতি প্রকাশে বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে আমাদের দলকে সবাই দুর্বল মনে করেছিল। আমরাও ভেবেছিলাম পয়েন্ট টেবিলের সবার নিচে টুর্নামেন্ট শেষ করবো। কিন্তু কোচের অনুপ্রেরণা আমাদের মনে সাহস যোগায়। প্রথম ম্যাচে হারলেও আমরা হাল ছাড়িনি। নিজেদের গুছিয়ে পরের ম্যাচগুলোতে বিজয় ছিনিয়ে নিয়ে আনি। এরপর আসে স্বপ্নের ফাইনাল ম্যাচেও খেলা ট্রাইবেকারে গড়ায় এবং শেষ মুহূর্তে আমার শটে জয় আসে। পুরো টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল দলের একতা, পরিশ্রম আর নিজেদের ওপর বিশ্বাস।’
সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘ফুটবল খেলা শুধু পায়ের নয়, হৃদয়ের খেলা। তাই সাময়িক হার-জিত ভুলে যেতে হবে। খেলাধুলা সবচেয়ে নির্দোষ বিনোদন, যা শারীরিক সুস্থতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। ভবিষ্যতেও এমন টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা থাকবে আমাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুন্দর পরিবেশে টুর্নামেন্টটির ইতি টানা সম্ভব হয়েছে। কয়েকটি ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ানোয় খেলোয়াড় ও দর্শক সবাই খেলাগুলো দারুণ উপভোগ করেছেন। শিক্ষার্থী ও শিক্ষকরা সবসময় পড়াশোনা, পরীক্ষা এবং নানা দায়িত্বের চাপে থাকেন। এই মানসিক চাপ উপশমের জন্য সবার একত্র হয়ে আনন্দ করার একটি মাধ্যম প্রয়োজন ছিল, আর এ টুর্নামেন্ট সেই সুযোগটিই তৈরি করে দিয়েছে।’
রানার্স-আপ দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কে জিতল সেটা বড় কথা নয়, সবাই অংশগ্রহণ করেছে এটাই মুখ্য বিষয়। হারের পর ৫৬ ব্যাচ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে। দক্ষতায় ৫৬ব্যাচ কোনো অংশে কম ছিল না। হয়তো তারা সিনিয়রদের অভিজ্ঞতার কাছে হেরেছে কিন্তু পরবর্তী আসরে তারাই চ্যাম্পিয়ন হবে বলে আশা রাখছি।’