পীরগাছায় মিষ্টি আলুর সম্ভাবনা তুলে ধরতে মাঠ দিবস

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে মিষ্টি আলুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু ব্লকে স্থানীয় কৃষক আলমগীর হোসেনের খেতে এ আয়োজন করা হয়। বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন তাম্বুলপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে মিষ্টি আলু চাষ করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা লাভবান হন। এ ধরনের প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পীরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সৈয়দ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শারমীন আক্তারসহ স্থানীয় কৃষকবৃন্দ।

মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকদের মিষ্টি আলুর আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এতে তারা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং উৎপাদন বাড়াতে উৎসাহিত হচ্ছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *