পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি এলাকার ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার এলাকার শামীম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শনিবারই ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী।
জানা গেছে, বিবাহবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন লিজা। কালিস্থান এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।