সিটি রিপোর্টার:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ চান তিস্তাপাড়ের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী লিখিত বক্তব্যে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠে গণআন্দোলন। নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ছিল আন্দোলন। এর প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেছেন। তার এ ঘোষণায় নদীপাড়ের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে এখন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চান উত্তরাঞ্চলের মানুষ।
প্রধানমন্ত্রীর ১৯ নভেম্বরের লালমনিরহাট সফরকে ঘিরে তিস্তা অববাহিকার মানুষের প্রত্যাশা, তিনি যেন মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক মশিয়ার রহমান প্রমুখ।