রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিটি রিপোর্টার:

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০২৬-এর প্রতিপাদ্যের ওপর গুর্রুত্বারোপ করে বলেন, যেকোনো দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি প্রশমিত করে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য সহনশীলতা ও সচেতনতা প্রয়োজন যা নিজ বাড়ি থেকেই শুরু করতে হবে।

তিনি দুর্যোগ প্রশমনে স্কাউটদের বিষয়ে বলেন, তাঁরা বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করেন। তাঁদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দুর্যোগকালীন করণীয় বিষয়গুলো সম্পর্কে নিজেদের পরিবার, প্রতিবেশী ও সহপাঠীদের সচেতন করতে পারেন। এজন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও প্রসারিত করা প্রয়োজন। এছাড়াও তিনি সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনকে এসব প্রশিক্ষণে সরাসরি সম্পৃক্ত হওয়ার মাধ্যমে দুর্যোগ প্রশমনে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আনোয়ারুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সহকারী পরিচালক আজরু উদ্দিন সাফদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *