পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে এক যুবক ও এক নারীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনা পরে গভীর রাতে ৩০ হাজার টাকার বিনিময়ে আপোষ-মীমাংসার মাধ্যমে আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে|
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তাম্বুলপুর এলাকার ওই নারীর বাসায় এক যুবক ও এক নারীকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন| খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়|
আটক যুবক তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম| অপরদিকে, ওই নারী একই এলাকার আবুল হোসেনের স্ত্রী মালেকা বেগম|
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমঝোতার চেষ্টা করা হয়| পরে গভীর রাতে অর্থের বিনিময়ে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়| এ ঘটনায় তাম্বুলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিমা বেগমের স্বামী হারুনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে|
তবে এ বিষয়ে হারুন বলেন, “আমি দুই পরিবারের সঙ্গে কথা বলে ৩০ হাজার টাকার বিনিময়ে আপোষ-মীমাংসা করেছি| পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে|”
স্থানীয় একাধিক বাসিন্দা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন|