নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলায় হোটেল নর্থ কিউসিনের কনফারেন্স রুমে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ০৫ মে ২০২৬ তারিখে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক খামার ব্যবস্থাপনা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাওন হোসেন, ভেটেরিনারি সার্জন, লালমনিরহাট সদর। সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর রিজিওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসএম নুরুজ্জামান মন্ডল, ব্র্যাক এআই এন্টারপ্রাইজ, লালমনিরহাট।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং খামার হবে অধিক লাভজনক।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা বাড়াতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদনে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।