পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ভিএএসএ) উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও ভিএএসএ-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা, সিনিয়র শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিএএসএ-এর সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, “বরিশাল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ১৩১ একরেরই অংশ, এটি আলাদা কোনো ক্যাম্পাস নয়। শিক্ষার্থীদের আবাসন ও অবকাঠামোগত সংকট নিরসনে ৫০ কোটি টাকার ডিপিপি অনুমোদন হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে বলে আশা করছি।” এ সময় তিনি শিক্ষার্থীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদের আশ্বস্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা কেবল একটি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওনি, বরং গ্রামীণ অর্থনীতি ও জনস্বাস্থ্যের সুরক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করার এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নবীনদের নিয়মশৃঙ্খলা মেনে চলারও পরামর্শ দেন উপাচার্য।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার অনুষ্ঠানের সফল ও সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়াও, অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টায় এএনএসভিএম অনুষদের খেলার মাঠে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *