‘ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার কথা ফাঁকা বুলি’: বাকৃবি উপাচার্য

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘গণহত্যাকারী, পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ক্ষমতায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি। আমরা দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করব।’

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাকৃবির এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী অপশক্তির তৎপরতার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। এ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *