সিটি রিপোর্টার:
উত্তরের অক্সফোর্ড’খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জিএল হোস্টেল মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে, সকাল ১০টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা।
উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারের কেন্দ্রবিন্দু এই শিক্ষাঙ্গনে নবীন-প্রবীণ শিক্ষক আর শিক্ষার্থীদের উপস্থিতিতে অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজসজ্জায় যেন নবরূপে সেজেছে পুরো প্রাঙ্গণ।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল। পরে বিকেলে একই মাঠে কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। ১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে ক্লাস পরিচালিত হয়। পরবর্তীতে মূল ভবনের উদ্বোধন করা হয় ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারী। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ।