বাকৃবি বিশেষ সংবাদদাতা:
দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি, মানসম্মত বীজ নিশ্চিতকরণ ও সংরক্ষণকাল দীর্ঘায়িত করতে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে আয়োজিত প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চর নিলক্ষীয়া এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। তিনি বলেন, পেঁয়াজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ধানের তুলনায় পেঁয়াজ চাষ অধিক লাভজনক হওয়ায় এর উৎপাদন সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, মানসম্মত পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণকাল বাড়ানোর লক্ষ্যে পরিচালিত এ গবেষণা কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে দেশের কৃষি উন্নয়ন ও পেঁয়াজ উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে। এ সময় প্রকল্পে অর্থায়নের জন্য কৃষি গবেষণা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন, বর্তমানে পেঁয়াজের ব্যবহার কেবল মসলা হিসেবে সীমাবদ্ধ নেই, সবজি হিসেবেও এর চাহিদা রয়েছে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উন্নত চাষাবাদ প্রযুক্তি কৃষকপর্যায়ে ছড়িয়ে দেওয়া জরুরি।
উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শরীফ-আর-রাফি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রধান গবেষক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। এ সময় প্রশিক্ষণে অংশ নেওয়া একজন কৃষক ও একজন কৃষাণী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
পরে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের হাতে মানসম্মত পেঁয়াজের বীজ ও চারা তুলে দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।