পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও আতিয়ার রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, সমবায়ী রওশন আরা বেগম, মাসুদ রানা, মোজাম্মেল হক সহ অনেকে।