পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি অধ্যাপক মো: শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা চাই, খেলাকে যেন সব সময় খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আলোচনা বা উত্তেজনা যেন মূল আয়োজনের আনন্দ ও উদ্দেশ্যকে ছাপিয়ে না যায়। আমরা এখানে এসেছি খেলাকে উপভোগ করতে এবং শিক্ষার্থীদের ক্রীড়ানৈপুণ্যকে উৎসাহিত করতে।”

তিনি আরও বলেন, “খেলোয়াড়দের মাঠে সর্বোচ্চ খেলোয়াড়সুলভ আচরণ প্রদর্শন করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ অর্জন সম্ভব বলে আমি প্রত্যাশা করি।”

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে কৃষি অনুষদ ও আইন অনুষদ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ২-১ গোলে জয়লাভ করে আইন অনুষদ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *