সিটি রিপোর্টার:
রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ২৪ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।