ক্যারমে চ্যাম্পিয়ন বাকৃবি, শিরোপাজয়ী খেলোয়াড়দের পরানো হলো ব্লেজার

বাকৃবি প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারাম দল। প্রতিযোগিতায় শিরোপাজয়ী দলের দুই খেলোয়াড়কে ব্লেজার পরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

বুধবার (৩০ ডিসেম্বর) ভিসির সচিবালয়ের সভাকক্ষে চ্যাম্পিয়নদের ব্লেজার পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে এ ব্লেজার পরানো হয়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ছেলেদের দ্বৈত ইভেন্টে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং সেমিফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) হারিয়ে ফাইনালে ওঠে বাকৃবি। ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাকৃবি দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুল হক সজল। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন দলের ম্যানেজার অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, দলের কোচের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক মো. শাহীন হালিমসহ বিভিন্ন পর্যায়ের পরিচালক ও চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান বাকৃবি ভিসি। পরে অংশগ্রহণকারী দুই খেলোয়াড়সহ টিম ম্যানেজার, কোচ ও টিম পরিচালকদের ব্লেজার পড়ানো হয়।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় বলেন, প্রথমবারের মতো  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়া অনেক ভালো লাগছে। এর আগে বাকৃবি ক্যারামে অংশগ্রহণ করেনি। আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল। একক খেলাতে রেজাল্ট করতে পারিনি, আয়োজকদের থেকে আনফেয়ার ছিল। দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। এটা ভালো লাগছে বিগত কয়েকটি ইভেন্টে বাকৃবি ২য় তৃতীয় হলেও চ্যাম্পিয়ন হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। 

ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান বলেন, আমাদের অন্যান্য শিক্ষার্থীরা আজকের চ্যাম্পিয়নদের থেকে অনুপ্রাণিত হবে। দুইজন খেলোয়াড়কে বলবো যারা প্রতিভাবান তাদেরকে উদ্বুদ্ধ করতে। আমাদের পরিকল্পনায় রয়েছে প্রসপেক্টিভ খেলোয়াড়দের কিভাবে ক্রীড়ায় আনা যায়। বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন আমরা কাজ করে যাবো। 

বাকৃবি ভিসি অধ্যাপক ড. ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বাকৃবি চ্যাম্পিয়ন হওয়ায় যারা অবদান রেখেছো তাদেকে অভিনন্দন। আমাদের উদ্দেশ্য ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে আসুক। কারণ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম অনুষঙ্গ।

হলে হলে ক্রীড়া আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের ঘরোয়া খেলা শুরু করতে হবে। প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কে এব্যাপারে পদক্ষেপ জরুরি নিতে হবে। সামনে শীতকাল আসতেছে প্রতি হলের প্রভোস্টবৃন্দ শীতকালীন খেলার আয়োজন করতে হবে। এতে শিক্ষার্থীরা বাইরে সময় কাটানোর চেয়ে বিনোদন খুঁজে পাবে। 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *