শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীরা পাচ্ছে টানা ৭ দিনের ছুটি 

কৃষি ও জনপদ ডেক্স:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত রয়েছে।

একই সাথে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত তালিকায় দুর্গাপূজার ছুটির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। তাই শিক্ষার্থীদের ছুটি ১৮ অক্টোবর থেকেই শুরু হচ্ছে।

সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাও সাধারণত চালু থাকে।

অন্যদিকে, হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *