বাকৃবি প্রতিনিধি:
জুলাই’২৪ গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে ধারণ করে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি) বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ আগষ্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু করে কৃষি অনুষদের করিডোর হয়ে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা।
শোভাযাত্রা শেষে সকলের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনর সূত্র ধরেই এদেশের সাধারন জনগন রাজপথে নেমেছিল ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করার জন্য। এদেশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, হেলিকপ্টার থেকে গরম পানি নিক্ষেপ থেকে শুরু করে এমন কিছু নেই যেটা সেই ফ্যাসিবাদী সরকার করেনি।”
তিনি আরও বলেন, “তারা এখনো নানা বিধি চেষ্টা করছে এই অর্জনকে ধূলিসাৎ করার। কিন্তু এদেশের নিপীড়িত মানুষ আর কখনোই তাদেরকে বাংলার মাটিতে মেনে নিবে না।”