বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক,খ,গ,ঘ মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট ১২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
“ক” দলে নার্সারী থেকে ২য় শ্রেণী পর্যন্ত শিশুরা অংশ নেয় এবং এতে ১ম স্থান অধিকার করে শিশু নিকেতনের রাইয়ান আদিয়ান, ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ওয়াসিফা রহমান ইনারা এবং ৩য় স্থান অধিকার করে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের খাদিজা তুজ তাহিরা।
“খ” দলে ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় এবং এতে ১ম স্থান অধিকার করে কে বি হাই স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মোঃ শায়ান হোসেন, ২য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র জারিফ আরিয়ান এবং ৩য় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের নেহরিন ইঞ্জিলা সাত্তার।
“গ” দলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। ১ম স্থান অধিকার করে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী তানিশা তাবাসসুম ইথা, ২য় স্থান অধিকার করে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী শ্রেয়া মন্ডল অন্বেষা এবং ৩য় স্থান অধিকার করে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিম হোসেন রাইসা।
“ঘ” দলে ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।১ম স্থান অধিকার করে ভবেখালি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ফাতিমাতুজ জাহরা, ২য় স্থান অধিকার করে কে বি হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র সামিন নিহাল এবং বিশেষ পুরস্কার দেওয়া হয় কে বি হাই স্কুলের জাইমা ইসলামকে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এ গণঅভ্যুত্থান থেকে অর্জিত চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা সচেতন থাকতে উদ্বুদ্ধ করবে।