পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকারের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লুৎফর রহমান (৫৫) পীরগাছা সদর ইউনিয়নের তালুক ইশাদ (ছটিপাড়া) গ্রামের মৃত রইচ উদ্দিন ঘুঘুর ছেলে ও স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার। অপরজন লুৎফর রহমান (৪৫) পূর্ব চণ্ডিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও রামচন্দ্র মজাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, “রাতেই অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পীরগাছা থানার ওসি একেএম খোদকার মহিবুল ইসলাম বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।”
দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে। হামলায় একটি মাদরাসার সুপার ও দুই শিক্ষক নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।