হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে চার দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৯ জুলাই) ছাত্রদলের পক্ষ থেকে চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় জমা দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ক্লাসের সময়সূচি অনুযায়ী পর্যাপ্ত বাস সার্ভিস নিশ্চিত করা, নতুন বাস সংযোজন, জিপিএসভিত্তিক (GPS) বাস ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং সন্ধ্যাকালীন সময়ে ছাত্রীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও সময়োপযোগী করতে ক্লাস শুরু ও শেষের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস পরিচালনা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি, রুটভিত্তিক চাহিদা ও যাত্রীর সংখ্যা বিবেচনায় বাসের সংখ্যা ও ট্রিপ প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি বা হ্রাসের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়া পরিবহন শাখায় নতুন বাস সংযোজনের মাধ্যমে বিদ্যমান বাসগুলোর ওপর অতিরিক্ত চাপ কমানোর আহ্বান জানানো হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার সংযুক্ত করে রিয়েল-টাইম বাস ট্র্যাকিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে বাসের বর্তমান অবস্থান জানতে পারবেন, ফলে অপ্রয়োজনীয় অপেক্ষা কমবে এবং যাতায়াত আরও সহজ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে সন্ধ্যাকালীন সময়ে ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস চালুর দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, “পরিবহন সংকট দীর্ঘদিন ধরে হাবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম প্রধান ভোগান্তির কারণ। ক্লাস, ল্যাব, পরীক্ষা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম শেষে নিরাপদে বাসায় ফিরতে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই বাস্তবতা বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি উত্থাপন করেছি। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বড়মাঠ থেকে শেষ বাস রাত ৯টায় ছেড়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা আশা করছি, প্রশাসন খুব দ্রুত এ প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। একই সঙ্গে নতুন বাস সংযোজন, ক্লাসসূচি অনুযায়ী বাস পরিচালনা, জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু এবং ছাত্রীদের জন্য পৃথক বাসের মতো দাবিগুলোও দ্রুত বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে হাবিপ্রবি ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *