হাবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসে না ফেরায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৪ জন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি (Dismissal from Service) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের Discipline and Appeal Rules 2004-এর 4.1 (f) ধারা অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা ছুটিকালীন পাওয়া বেতন সুদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফেরত নেওয়া হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকরা ইতোমধ্যে সেই টাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিশোধ করেছেন। তবে যেসব শিক্ষক এখনো ছুটিকালীন বেতন ফেরত দেননি, তাদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া আরও ৪ জন শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
চাকরিচ্যুত শিক্ষকদের অডিট আপত্তিসহ শিক্ষা ছুটিকালীন বেতনের বকেয়া ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় পাওনা টাকা আদায়ে Public Demand Recovery (PDR) আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাবিপ্রবিতে বর্তমানে মোট শিক্ষক রয়েছেন প্রায় ৩৯২ জন। তাদের মধ্যে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণের জন্য শিক্ষা ছুটিতে আছেন ৬৯ জন। এর মধ্যে ৫২ জন বিদেশে এবং ১৭ জন দেশে অবস্থান করছেন। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও অন্তত ১৮ জন শিক্ষক দেশে ফেরেননি।
দেশে না ফেরার কারণ হিসেবে অনেক শিক্ষক বিদেশে স্থায়ী চাকরি বা গবেষণায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কেউ দেশে ফেরেননি, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান বলেন, বর্তমান প্রশাসন শিক্ষা ছুটি শেষে শিক্ষকদের ফিরিয়ে আনার বিষয়ে যথেষ্ট সচেতন। যারা নিয়ম অনুযায়ী দেশে ফেরেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই শিক্ষকরা বিদেশে জ্ঞান অর্জন করে দেশে ফিরে শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি পাবে।