নিজস্ব প্রতিবেদক:
রিপোর্টার্স ক্লাব রংপুর এর প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক সদ্য প্রয়াত তৌহিদুল ইসলাম বাবলা এবং সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাব রংপুর এর সদস্য প্রয়াত সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকারের স্মরণে এক আবেগঘন স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বাদ মাগরিব ক্লাব সংলগ্ন নূরে মদিনা জামে মসজিদে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি ও একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলোর প্রতিবেদক মিজানুর রহমান লুলু।
স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার একটি মহান দায়িত্ব। প্রয়াত তৌহিদুল ইসলাম বাবলা এবং মমিনুল ইসলাম রতন সরকার তাঁদের কর্মজীবনে সেই দায়িত্ব নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করেছেন।
বক্তারা উল্লেখ করেন, দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা ছিলেন অনুসন্ধানী মননের একজন সংবাদকর্মী। সংবাদ সংগ্রহে তাঁর পেশাদারিত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা, বিনয়ী আচরণ এবং নবীন সাংবাদিকদের পথপ্রদর্শক হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে, সময় টিভির সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকার ছিলেন নির্ভীক, কর্মনিষ্ঠ ও মাঠকেন্দ্রিক সাংবাদিকতার এক উজ্জ্বল উদাহরণ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং পেশার প্রতি তাঁর অগাধ নিষ্ঠা তাঁকে সহকর্মীদের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাব রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির রংপুর প্রতিনিধি আব্দুর রশিদ জীবন, সাংগঠনিক সম্পাদক ও প্রথম খবরের প্রতিবেদক এনামুল হক, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও একাত্তর টিভির ভিডিও জার্নালিস্ট শাহীন আলম, জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম আনছারী, এম জোবায়ের পান্না, মোজাফফর হোসেন, মফিজুল ইসলাম, সময় টিভির ক্যামেরাপার্সন শাকিল মাহমুদ, ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদক ও সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, দৈনিক দাবানল এর চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন, বর্ণালী জামান এবং রবিউল ইসলাম লাভলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
স্মৃতি চারণ শেষে মরহুম তৌহিদুল ইসলাম বাবলা ও মমিনুল ইসলাম রতন সরকারের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য,গত ১১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত সাংবাদিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা। ২০২৩ সালের ১৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সময় টিভির রংপুর ব্যুরো প্রয়াত সাংবাদিক মমিনুল ইসলাম রতন সরকার।