নিজস্ব প্রতিবেদক :
রংপুর মহানগরীর ভগিবালাপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩৬ বছর ধরে ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. রোস্তম আলী (৭৪)।
বুধবার (২৪ জুন) দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া মৌজায় অবস্থিত তফসিলভুক্ত জমি তিনি ১৯৯০ সালের ১২ জুলাই কবলা দলিল নং-১০৩০১ মূলে জমির মালিক আমির উদ্দিনের কাছ থেকে তার স্ত্রী মোছা. সুফিয়া বেগমের নামে ক্রয় করেন। জমি বুঝে পাওয়ার পর সেখানে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে বসতবাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পরবর্তীতে খাজনা-খারিজ সম্পন্ন করা হয় এবং তার স্ত্রীর নামে ৯২ মাঠ রেকর্ডও সম্পন্ন হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ মে ২০২৬ তারিখে ভয়াবহ ঝড়-বৃষ্টিতে তাদের বাউন্ডারি প্রাচীর ভেঙে পড়ে। পরে ১৩ মে থেকে প্রাচীর পুনর্নির্মাণের কাজ শুরু করলে ১৫ মে দুপুরে মোহাম্মদ আলী, আব্দুল মাজেদ বাটুল, আব্দুর রহিম শুকারু, মঞ্জিলা বেগম, মল্লিকা বেগম, খাদিজা বেগম, সিয়ামসহ ৩০ থেকে ৩৫ জনের একটি দল নির্মাণকাজে বাধা দেয় এবং জমিতে তাদের অংশ রয়েছে দাবি করে দখলের চেষ্টা করে, সেসময় ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।পরবর্তীতে অভিযুক্তরা জমি দখলের হুমকি দিতে থাকলে এ ঘটনায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা (নং-৬০৭/২০২৬) দায়ের করেন। আদালত সম্পত্তিতে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
সংবাদ সম্মেলনে রোস্তম আলী আরও অভিযোগ করেন, আদালতের নির্দেশনা ও পুলিশের নোটিশ পাওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২০ জুন ভোরে তারা ৩০ থেকে ৪০ জনের একটি দল নিয়ে ছোরা, চাপাতি, রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে তারা ঘরের ভেতরে আশ্রয় নিলে তাদের গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
তার দাবি, হামলাকারীরা তাদের জমিতে একটি চালা নির্মাণ করে স্টোররুম দখলে নেয় এবং টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে। একই সঙ্গে স্টোররুমে থাকা মূল্যবান সামগ্রী আত্মসাৎ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা এখনও তার বাড়িতে অবস্থান করছে এবং তাকে ও তার পরিবারকে গৃহহীন করার উদ্দেশ্যে খুন-জখম ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমরা সুষ্ঠু বিচার চাই। বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে প্রকৃত ঘটনা জনসম্মুখে প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”
এ সময় ভুক্তভোগী পরিবারদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিরোধপূর্ণ জমিটি কোতোয়ালী থানার ভগী মৌজার জেএল নং-৬১, সিএস খতিয়ান নং-৬৯১, এসএ খতিয়ান নং-৫৯৮, বিএস খতিয়ান নং-১৬৮৯, দাগ নং-২৪৪-এর ৪৩ শতক জমির মধ্যে ৯ শতক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় #