রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যার ঘটনায় গ্রেফতার – ১

রংপুর (কাউনিয়া) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ীর পাশে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় এজাহারভুক্ত আসামী খলিলুর রহমানকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে এবং রিমান্ড চেয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। গ্রেফতার খলিলুর রহমান, উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ফখরুল আলম রতনকে বাড়ীর পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সন্ধার দিকে স্থানীয় লোকজন ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত্যু ঘোষনা করেন কর্তব্যরত চিকিসক। রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে রাতেই নিহত ফখরুলের স্ত্রী শাম্মি আক্তার বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল জানান, উপজেলার শিবু কুটিরপাড় গ্রামে বিগত সময়ে সেখানে এলাকায় স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে হামলা- মামলার ঘটনা ঘটেছিলো। দুই গ্রুপের লোকজনদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে। ওসি বাদল কুমার মন্ডল বলেন, পুর্ব শত্রুতার জের ধরে কোহিনুর গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ফখরুলকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত নয় নাম্বার আসামী খলিলুর রহমানকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *