নিজস্ব প্রতিনিধি :
দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও মাঠপর্যায়ের সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে, ২০২৬) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঃ মাহফুজা খাতুন, ডাঃ মোঃ আব্দুস সালাম এবং অমল কুমার দাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী।
প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ মারুফ হোসেন, জুয়েল রানা এবং ডাঃ মোঃ ইমরান তালুকদার।
প্রশিক্ষণে দিনাজপুর, বীরগঞ্জ, ফুলবাড়ী ও নীলফামারী কেন্দ্রের ব্র্যাকের ১৫২ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি, মাঠপর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি এবং খামারিদের আরও কার্যকর সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সেরা ১০ জন কর্মীকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।