বাকৃবি প্রতিনিধি:
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ ও অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন। এছাড়া শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাকৃবি কেন্দ্রীয় মসজিদের খতিব।
দোয়া মাহফিলে আয়োজন উপলক্ষে শাখা শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, ‘জুলাই বিপ্লবে প্রায় ১৪০০ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ভাইয়ের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। দীর্ঘ ১৭ বছরে গড়ে উঠা ফ্যাসিবাদ কাঠামোর বিপক্ষে বুক পেতে তারা শহীদ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তবে আমাদের মনে রাখতে হবে, সাধানতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জুলাই আমাদের এক ধরনের স্বাধীনতার পথ দেখিয়েছে। এখন সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে কোনো সরকার যেন আর মানুষের ওপর জুলুম করতে না পারে। আবার কোনো ফ্যাসিস্ট উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।