বাকৃবি প্রতিনিধি:
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আধুনিক ‘প্ল্যান্ট নিউট্রিশন ল্যাবরেটরি’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে জাপান-বাকৃবির যৌথ ‘সানরাইস’ প্রকল্পের আওতায় নতুন এ ল্যাবের উদ্বাবন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
নতুন ল্যাব সংযোজনের বিষয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্ল্যান্ট নিউট্রিশন ল্যাবরেটরি চালুর মাধ্যমে উদ্ভিদ পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আধুনিক গবেষণা প্রযুক্তির ব্যবহার, গবেষণার মানোন্নয়ন এবং কৃষি শিক্ষার উৎকর্ষ সাধনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ল্যাবরেটরি উদ্বোধনের পর ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি দল, বাংলাদেশের প্রকল্প পরিচালক বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এই আধুনিক প্ল্যান্ট নিউট্রিশন ল্যাবরেটরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের আধুনিক গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।’