গান-নাচ-নাটকে মুখর বাকৃবি, নবীনদের স্বাগত জানাল ‘টিম উৎসব’

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘টিম উৎসবের’ উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিম উৎসবের সভাপতি ​অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং নবীন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

গান, নাচ এবং নাটকের মতো নানা আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এক জমকালো পরিবেশে নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের একটি বিশেষ অংশ হিসেবে আয়োজিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের (বাউডিএস) রম্য বিতর্ক। বিতর্কের বিষয় ছিল – ‘কীভাবে জিতেছি ডাজেন্ট ম্যাটার, জিতেছি দ্যাটস দ্য ম্যাটার’।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘টিম উৎসব এবং ডিবেটিং সংঘের এই যৌথ আয়োজনের মাধ্যমে আজ প্রমাণিত হলো যে, লেখাপড়া ও গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও নিজেকে সমৃদ্ধ করতে হবে। কারণ একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘খুব অল্প সময়ের প্রস্তুতিতে নবীন শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে, যার সম্পূর্ণ উপস্থাপনা ও পরিবেশনায় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আশা করি, আমাদের নতুন শিক্ষার্থীরা এই আয়োজনটি উপভোগ করবে এবং এটি তাদের স্মৃতিতে দীর্ঘদিন অমলিন থাকবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *