হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে পথকুকুরের র্যাবিস প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য ক্যাম্পাসের সব পথকুকুরকে পর্যায়ক্রমে র্যাবিসের টিকা প্রদান এবং পরবর্তীতে বন্ধ্যাত্বকরণ কার্যক্রম বাস্তবায়ন করা।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রশাসনের তথ্যমতে, এক মাসব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিন পর্যন্ত ক্যাম্পাসের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পথকুকুরকে র্যাবিসের টিকা দেওয়া হয়েছে।
সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম বলেন,
❝হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো কুকুরের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আজও শুরু করেছি।
এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি আমরা এক মাস পরিচালনা করব। আজ দ্বিতীয় দিনের কার্যক্রম পর্যন্ত ক্যাম্পাসের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়েছে।
আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ক্যাম্পাসের সব কুকুরকে ভ্যাকসিনেশন দেওয়ার পর তাদের বন্ধ্যাত্বকরণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের সবার সহযোগিতা কামনা করছি। সবাই কুকুর থেকে সাবধান থাকবেন। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় আর কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেগুলোও গ্রহণ করা হবে। ❞
একজন স্বেচ্ছাসেবী তানভীর আরিফ বলেন, “হাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে এটি তাৎক্ষণিক সমাধান। স্থায়ী সমাধানের জন্য পথকুকুরগুলোর স্পে-নিউটার (বন্ধ্যাত্বকরণ) কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। আমরা আশা করি, আগামীতে হাবিপ্রবি প্রশাসন এ উদ্যোগও গ্রহণ করবে।”