নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মে ২০২৬) BRAC Learning Center-এ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রংপুর এবং কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, রংপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ডা. মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর রিজিওন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জুয়েল রানা, এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর।
কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোঃ আবু সায়েম, দীপঙ্কর বসু, এস এম জাহিদ হাসান এবং মোঃ নুরুজ্জামান মণ্ডল।
প্রশিক্ষণে রংপুর, বদরগঞ্জ, পীরগঞ্জ, গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ কেন্দ্রের ব্র্যাকের ২০৯ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শ্রেষ্ঠ ১০ জন অংশগ্রহণকারীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া সকলকে সনদপত্র প্রদান করা হয়।
বক্তারা বলেন, কৃত্রিম প্রজনন সেবাদাতাদের দক্ষতা বৃদ্ধি পেলে খামার পর্যায়ে উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, অধিক দুধ ও মাংস উৎপাদন এবং খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।