বাকৃবিতে ছাত্রশিবিরের নবীন বরণ, অংশ নিলেন আট শতাধিক শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীনদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল ও কলমের বাক্স দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রথম প্যানেল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জনের কৌশল, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক পদ্ধতি এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

দ্বিতীয় প্যানেলে ছাত্রশিবিরের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত।গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ।‎​ তবে বর্তমানে আমরা একটি সংকটের মধ্যে আছি। দেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সংকট তৈরি হয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে। বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০-৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। একই সাথে, মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

শিক্ষার্থীদেরকে তিনি আরও বলেন, কয়েকদিন আগে তোমরা দেখে থাকবে, স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি-র মাধ্যমে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে স্কুল-কলেজ গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। অথচ এই কমিটিগুলোতে দলীয় পরিচয়ে এমন একদল লোক বসে আছে যারা নিজেরাই কোনো রকমে টেনেটুনে পাশ করেছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করত। এর ফলে দিনশেষে আমরা জাতির মেধাবী শিক্ষকদের হারাতাম

ছাত্রশিবির নিয়ে তিনি আরও বলেন, অন্যান্য সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো আমরা যারা ভালো করি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন আরও ভালো করে। ইসলামী ছাত্রশিবির একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *