বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।
সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরীর সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ বদলি ও পদায়ন করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) ড. মো. লতিফুল ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি বা পদায়ন করা হলো।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।