বহুত্ববাদ ও সম্প্রীতির বার্তায় পবিপ্রবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ সম্পন্ন

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

তরুণদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি বহুত্ববাদ, পরমতসহিষ্ণুতা ও সামাজিক সম্প্রীতির চর্চায় উদ্বুদ্ধ করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ২০২৬’ সম্পন্ন হয়েছে।

‘Building Youth Leadership Training on Pluralism & Social Harmony’ প্রতিপাদ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার পটুয়াখালীর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণটি শনিবার (১ আগস্ট) শেষ হয়। গত ৩০ জুলাই শুরু হওয়া এ প্রশিক্ষণে পটুয়াখালী জেলার বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. এবিএম সাইফুল ইসলাম। সুশাসনের জন্য নাগরিক (সুজন) পটুয়াখালী জেলা শাখার সভাপতি মানস কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর হাদিউজ্জামান সুজন।

তরুণদের এমন উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “আজকের এই আয়োজনে এসে আমি যেন আমার নিজের বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে গেলাম। তরুণদের উচিত এ ধরনের চমৎকার ও অর্থবহ প্রোগ্রামে বেশি বেশি অংশগ্রহণ করা এবং নিজেদের একজন আদর্শ লিডার হিসেবে গড়ে তোলা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজন পটুয়াখালী জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সোহেল রানা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের বরিশাল অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শুভ চৌধুরী এবং পটুয়াখালী জেলার জেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম।

তিন দিনের প্রশিক্ষণে বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের নিজ নিজ এলাকায় সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে নেতৃত্ব দেওয়ার কৌশল নিয়েও আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রেমা ভট্টাচার্য তার অনুভূতি ব্যক্ত করে বলেন ” সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আজকের এই লিডারশিপ ট্রেনিং আমাদের কারো একবার স্মরণ করিয়ে দিল।”

ইয়ুথ এন্ডিং হাঙ্গার পটুয়াখালী জেলার জেলা সমন্বয়কারী , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন ও ফুড সাইন্স অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম তার সমাপনি বক্তব্যে জানান, “প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের কমিউনিটিতে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাবেন। এসব উদ্যোগে তাদের নিয়মিত মেন্টরশিপ ও দিকনির্দেশনা দেওয়া হবে।”

এ ছাড়া আগামী দুই বছর ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত থেকে নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক, সিম্পোজিয়াম ও বিভিন্ন সংলাপে অংশ নেবেন প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণ শেষে নিজ নিজ কমিউনিটিতে বহুত্ববাদ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *