পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পীরগাছা সদর ইউনিয়নের ফাকেরের মোড় এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, নির্মাণকাজে কোনো অনিয়ম বা ত্রুটি থাকলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। কিন্তু অভিযোগের পরিবর্তে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে।

তিনি দাবি করেন, ঘটনার সময় ঠিকাদার তিনমোড় এলাকায় অবস্থান করছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে তাকে মারধর করেন। পরে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে অপর পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। 

স্থানীয় আজিজুল ইসলাম বলেন, পীরগাছাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার স্টেডিয়ামের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা চান, উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত স্টেডিয়ামের কাজ শেষ করা হোক।

উল্লেখ্য, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গত ১৭ জুলাই স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহারের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে  ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *