পানি কমলেও, বন্যার ক্ষতচিহ্ন এখন স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক:

বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দেশের বিভিন্ন জেলায় এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ বন্যাকবলিত এলাকায় মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন। তবে ভাঙা ঘর, কাদায় ঢেকে থাকা বসতভিটা, নষ্ট ফসল ও জীবিকার সংকটে শুরু হয়েছে টিকে থাকার নতুন সংগ্রাম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ এবং পানিবন্দী রয়েছে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি পরিবার। বর্তমানে ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৮ হাজার মানুষ অবস্থান করছেন।

দুর্গত এলাকার বাসিন্দারা জানান, পানি নেমে গেলেও ঘরবাড়ি বসবাসের উপযোগী করতে কাদা পরিষ্কার, মেরামত ও নতুন করে সংসার গুছিয়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক পরিবারের খাবার, আসবাবপত্র ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামসহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দুর্গত মানুষের পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *