পীরগাছা (রংপুর )প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের সরকারি গাছ নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়াই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশে গাছটি কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, উপজেলার বালাটারী কমিউনিটি ক্লিনিক চত্বরে প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উচ্চতার অর্ধশতাব্দী পুরোনো একটি শিলকড়াই গাছ ছিল। অভিযোগ রয়েছে, গত রোববার গাছটি কেটে প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করেন দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুল জলিল। যদিও তিনি দাবি করেছেন, ২৪ হাজার টাকায় গাছটি বিক্রি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাছটি বিক্রির ক্ষেত্রে কোনো প্রকার নিলাম বা পূর্বানুমতি নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্তে গাছ বিক্রি করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত না করা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে।
ক্লিনিকের দাতা সদস্য হোসেন সিদ্দিকী বলেন, “আমাদের কোনো সভায় ডাকা হয় না, এমনকি কোনো রেজুলেশনেও স্বাক্ষর নেওয়া হয় না। গাছ বিক্রির বিষয়েও আমাদের জানানো হয়নি। বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও তা মানা হয়নি।”
এ বিষয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুল জলিল বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নির্দেশে গাছটি বিক্রি করেছি।”
অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, “আমি স্থানীয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে গাছ বিক্রির কথা বলেছি।”
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেখ হাসান তাহসিন বলেন, “নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রির কোনো সুযোগ নেই।”
রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “সরকারি গাছ বিক্রি করতে হলে অবশ্যই বিধি অনুযায়ী নিলাম প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।