কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার অভিযোগের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ সমাবেশে এ্যাব এর সাবেক নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের প্রতিবাদী কৃষিবিদরা অংশ নেন।

প্রতিবাদ সভাটি কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামানের সঞ্চালনায় এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, চাপ প্রয়োগ এবং ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি এ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি এবং ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একজন পেশাজীবী নেতার ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বক্তাদের দাবি, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা অভিযোগ করেন, পারভেজের ওপর হামলার ঘটনায় এ্যাব সদস্য ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার নেতৃত্বে ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাজীবী সংগঠনের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শন বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ দেওয়া যাবে না। তারা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শাস্তি এবং কেআইবির মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সারাদেশের কৃষিবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ থেকে হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *