আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। টুর্নামেন্টের ‘খ’ গ্রুপের ম্যাচে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে দলটি। পবিপ্রবির হয়ে একটি করে গোল করেন ভুবন পাল ও বিরেন্ট ত্রিপুরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পবিপ্রবি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী ভুবন পাল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পবিপ্রবি।

বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে পবিপ্রবির রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি তারা। ম্যাচের ৫৫ তম মিনিটে বিরেন্ট ত্রিপুরার করা গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পবিপ্রবি।

উল্লেখ্য, আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পবিপ্রবির ১৮ সদস্যের ফুটবল দল গত ১৭ নভেম্বর রাতে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *