বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের নানা সংকট ও বঞ্চনার বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। এজন্য নিজেদের দক্ষ, যোগ্য ও প্রযুক্তিতে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস, সাহসী ও দক্ষ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘জ্ঞানের আলোয় গড়ব জীবন, ভাঙব আঁধার কালো, মোদের হাতের মশাল জ্বেলে জগৎ হবে ভালো’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবিরের বাকৃবি শাখা।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই ছাত্রশিবিরের অন্যতম লক্ষ্য। ভালো মানুষ হওয়ার অর্থ শুধু পার্থিব জীবনে সফলতা অর্জন নয়, বরং দুনিয়া ও আখিরাত উভয় জীবনে সফল হওয়া। বিশ্ববিদ্যালয়জীবনের পাঁচটি বছর পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা অর্জন করতে হবে। দ্বিতীয় বর্ষে বিদেশি ভাষা শেখা, তৃতীয় বর্ষে আইইএলটিএসের প্রস্তুতি এবং চতুর্থ বর্ষে ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্ধারণ করে সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা যেতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী ছাত্রশিবির ভবিষ্যতেও পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরও মুক্তির দাবিতে রাজপথে নামতে হচ্ছে, জুলুমের বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে। এর দায় সমাজের সচেতন নাগরিকদেরও নিতে হবে। একটি জাতির উত্থান ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে একাডেমিক ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া জরুরি। একই সঙ্গে মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেউদ্দিন, ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ভেট কেয়ার বিডির চেয়ারম্যান শহীদুল্লাহ শরীফ, এগ্রিকালচারিস্ট ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মো. মাছুদ, ব্যাংকার তানজির আহমেদ, বিএডিসির সুপারিনটেনডেন্ট আশরাফুজ্জামান রিপন এবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম জাকির হোসেন সুমন।
সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের একাডেমিকসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।