স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ রহিম

বাকৃবি প্রতিনিধি:

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম এ রহিম। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে পরিচিত এ পুরস্কার গবেষণা ও প্রশিক্ষণ ক্যাটাগরিতে তাঁকে প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

অধ্যাপক ড. এম এ রহিম বাকৃবির কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের বাউ-জার্মপ্লাজম সেন্টারের প্রধান নির্বাহী ও প্রধান গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গবেষণা, জাত সংরক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমে তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত।

তিনি ২০০৩, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের উইন্সকন্সিন (University of Wisconsin, USA) ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (USA) ভিজিটিং অধ্যাপক ও বিজ্ঞানি হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব উইসকানসিন এর Adjunct Faculty হিসাবে গবেষণা করে যাচ্ছেন

অধ্যাপক ড. এম এ রহিমের নেতৃত্বে গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয় উচ্চফলনশীল ও অর্থকরী কুলের জাত ‘বাউকুল’, যা দেশের বিভিন্ন অঞ্চলে আপেল কুল নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের গবেষণায় প্রায় ১৭ বছরের প্রচেষ্টায় এ জাতটি উদ্ভাবিত হয়।

কৃষি খাতে বিশেষ অবদানের জন্য তিনি ‘হুজ হু বাংলাদেশে ২০১৭’ পদক লাভ করেন। বৃক্ষরোপণে অবদানের জন্য ২০০৪, ২০১২ ও ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি নোবেল বিজয়ী ড. নরম্যান ই. বোরলগ আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মাননা-২০০৮, বঙ্গবন্ধু কৃষি পদক-২০১৪, খান বাহাদুর আহসান উল্লাহ স্বর্ণপদক-২০১৬, বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার স্বর্ণপদক-২০১৬ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্স স্বর্ণপদক-২০১২সহ দেশি-বিদেশি নানা সম্মাননা অর্জন করেছেন।

গবেষণায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ফল উৎপাদন, কৃষি বনায়ন, ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর পরিচর্যা এবং সংরক্ষণ বিষয়ে তার প্রায় ২২৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *